ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক যুবককে চাকু দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার কিছু আগে আদালত ভবনের চতুর্থ তলায় রাজাপুর আমলি আদালতের এজলাস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবক জসিম মাঝিকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মানিক আচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নলছিটি থানার জি আর ১৯/২৫ (নল) মামলার আসামি জসিম মাঝি ও তার তিন ভাই আদালতে হাজিরা দিতে এলে বাদী পক্ষের এমদাদুল, জহিরুল ও রফিকুল তাদের ওপর হামলা চালায়। এ সময় জসিম মাঝির নাকের উপর চাকু দিয়ে কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবী ও পুলিশ সদস্যরা হামলাকারী ৩ যুবককে আটক করে। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
