রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে তাঁরা রেলগেট হয়ে নগরের ভদ্রা মোড়ে গিয়ে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকুরীতে কারিগরি শিক্ষার্থীদের কোটা বাদ দিতে টানা আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে রুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করার সময় কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশ্লীল শ্লোগান দেয় ও গালাগালি করে।
মিছিল থেকে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁদের অভিযোগ, চাকরিতে নিয়োগ নিয়ে ডিপ্লোমা ও প্রকৌশল শিক্ষার্থীদের বিপরীতমুখী আন্দোলন চলাকালে রুয়েটের শিক্ষার্থীরা তাঁদের হেয় করে বক্তব্য দিয়েছেন।
ভদ্রা মোড়ে এক সমাবেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল করিম বলেন, রুয়েট শিক্ষার্থীরা মাফ না চাওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
পরে বেলা ১টার দিকে বিক্ষোভ-সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
