রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বাসের চালক, সুপারভাইজার ও সহকারির বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে কিছু বাস বিকল্প ব্যবস্থায় বাস পরিচালনা করে।
শ্রমিকদের অভিযোগ, রাজশাহী-ঢাকা বাসের স্টাফদের বেতন খুব কম। প্রায় ১০ বছর ধরে একই হারে বেতন দেওয়া হচ্ছে। প্রতি ট্রিপে চালক পান ১১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী মাত্র ৪০০ টাকা। কোনো কোনো পরিবহনে চালকদের দেওয়া হয় ১২০০ টাকা। শ্রমিকরা এই বেতন বাড়িয়ে অন্তত দুই হাজার টাকা করার দাবি জানিয়েছে ।
ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, ১০ বছর থেকে আমাদের ১১০০ টাকা করে বেতন দেওয়া হচ্ছে। মালিককে বেতন বাড়ানো হচ্ছে না। এর আগেও আমরা ২৩ আগস্ট শুধু ন্যাশনাল ট্রাভেলস বন্ধ রেখেছিলাম। সে সময় কর্তৃপক্ষ দুইদিনের মধ্যে আমাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে আবারও বাস চালু করা হয়। কিন্তু দুই সপ্তাহ পার হয়ে গেলেও আগের বেতন দেওয়া হচ্ছে। তাই অন্য সব বাসের শ্রমিকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একতা ট্রান্সপোর্ট বাদে সব বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
ঢাকাবাগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা হক বলেন, পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে। কিন্তু বাস না থাকায় খুব দুশ্চিন্তায় আছি। ট্রেনের টিকিট আগেই শেষ হয়ে গেছে। এখন লোকাল বাসই ভরসা। তবে শেষ পর্যন্ত কতক্ষণে যেতে পারবো সেটা জানি না।
আরেক যাত্রী আব্দুল করিম বলেন, রাতেই জরুরি কাজে ঢাকায় যেতে হতো। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছি। বিকল্প গাড়ির ভাড়া দ্বিগুণ, সেটাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। যাত্রীদের এমন হয়রানি না করেও আন্দোলন করা যেতে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। এর আগে মালিকরা মাত্র একশ টাকা বাড়াতে রাজি হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মানছে না। আমরা আবারো মালিকদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করবো।
