মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩শ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫শ টাকাসহ সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ২শ ২০পিস কমলা রঙের ইয়াবা এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিসসহ মোট ৩শ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া আটককৃত সত্য দেবনাথের কাছ থেকে নগদ ৪১ হাজার ৫শ টাকাও জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন রয়েছে।
