নওগাঁর মহাদেবপুরে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে সাজু’র ওপর হামলার ঘটনায় ২ দিন পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।

ভুক্তভোগী সাংবাদিক একে সাজু জানান, গত বুধবার (২৭ আগস্ট) বিকেলে সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহের সময় থানা পুলিশের প্রতিনিধি পরিচয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করা হয়েছে। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার পর দলিল লেখক সমিতির নেতারা তার আইডি কার্ড, ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা পার্সনের হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং কয়েক দফায় মারধর করে। এক পর্যায়ে গুরুত্বর আহত অবস্থ্যায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তাৎক্ষণিক থানা পুলিশের প্রতিনিধি পরিচয়ে হামলাকারী ওই ব্যক্তির পরিচয় না জানা গেলেও ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে একাধিক সূত্র নিশ্চিত করে তার নাম কনক সারোয়ার। মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতিতে সহ সভাপতি পদে আছেন তিনি। পরিবর্তিত প্রেক্ষাপটের পর অফিসটির অনিয়ম দুর্নীতির সিন্ডিকেটের মাথা হিসেবে কাজ করে আসছেন বিএনপি পন্থী এই কনক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের তথ্যমতে, অবসরজনিত কারণে মহাদেবপুরের সাব রেজিস্ট্রার মুক্তি আওরা’র শেষ কর্মদিবস ছিলো বুধবার (২৭ আগস্ট)। এই কর্মস্থলের শেষ দুই দিনকে ঘিরে পকেট ভারী করতে বেশ জোরদার প্রস্তুতি ছিলো তার। তাই মঙ্গলবার (২৬ আগস্ট) অফিসের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দলিল লেখক সমিতির সদস্যদের মাধ্যমে গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদনের কাজ করেন সাব রেজিস্ট্রার মুক্তি আওরা। তাড়াহুড়ো করতে গিয়ে জমি রেজিস্ট্রির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করেননি তিনি। বিনিময়ে ঘুষ নিয়েছেন প্রায় কোটি টাকা। পরের দিন বুধবার (২৭ আগস্ট) এ ঘটনাটি জানাজানি হলে দুপুরের পর থেকেই সাব রেজিস্ট্রি অফিসের সামনে ভীড় জমান ভুক্তভোগীরা। তাদের প্রতিহত করতে অফিসের সামনে সন্ত্রাসী কায়দায় মারপিট করেন দলিল লেখক সমিতির সদস্যরা। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সমিতির সহ সভাপতি কনক সারোয়ার। ওই সময়ে পুরো হট্টগোলের ভিডিও মোবাইল ফোনে ধারন করছিলেন ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজু। বিষয়টি নজরে এলে একে সাজুর উপর ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসেন বিএনপিপন্থী দলিল লেখক সমিতির নেতা কনক সারোয়ার। এরপর তার নেতৃত্বে কয়েক দফায় সাংবাদিক একে সাজুর উপর হামলা করা হয়।

যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি মহাদেবপুরের স্থানীয় সাংবাদিক ইউসুফ আলী সুমন বলেন, দীর্ঘ বছর ধরে মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিস স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে আসছে। পরিবর্তিত প্রেক্ষাপটের পর ওই অফিসের নিয়ন্ত্রন নিয়েছেন বিএনপির একটি পক্ষ। তাদের অনুসারী কনক। সাধারন মানুষদের জিম্মি করে প্রতিটি দলিল রেজিস্ট্রিতে কয়েক গুণ বেশি টাকা ঘুষ নেয় দলিল লেখক সমিতির নেতারা। এই চিত্র তুলে ধরতে গেলেই সাংবাদিকদের উপর হামলা করা হয়। এই সিন্ডিকেটের হামলায় সাংবাদিক সাজু ভাই আহত হয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, কনক সারোয়ার থানা পুলিশের কেউ না। ঘটনাটি জানার পর তাৎক্ষণিক সাব রেজিস্ট্রি অফিসের সামনে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছিলো। গতকাল বৃহস্পতিবার (২৮) ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতরা পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জড়িতদের গ্রেপ্তারে রাজনৈতিক চাপ আছে কি না? জানতে চাইলে ওসি বলেন, আইনের চোখে সাংবাদিক একে সাজুর ওপর হামলাকারীরা অপরাধী। তারা যেই দলেরই হোক না কেনো। অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করছি না। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন বলেন, একজন সাংবাদিকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সুষ্পষ্ট আঘাত। হামলার পরেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, হামলার পরপরই সাংবাদিক একে সাজু’র সঙ্গে কথা হয়েছে। বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের ছাড় দেওয়া হবে না।