র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে গত ২৬/০৮/২০২৫ইং তারিখ সময় আনুমানিক রাত ২১:৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চাকলাপুঞ্জি এলাকা হতে ৫৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। আটককৃত আসামি হলো; ১। মোঃ মকবুল হোসেন (৩০), পিতা- মৃত-সোনাফর আলী, সাং-গাজীনগর, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ মকবুল হোসেন (৩০) জব্দকৃত আলামত ৫৪ কেজি গাঁজা বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আরো স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা আনয়ন করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
