দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলে  সড়ক দূর্ঘটনার প্রতিরোধ ও ঝুঁকিমুক্ত পরিবহন এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ) বিকাল ৪ ঘটিকায় দশমাইল এলাকার সর্বস্তরের সাধারণ জনগন এর ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি জাকিরুল ইসলাম। তিনি বলেন, “দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই তিন জেলা ঢাকাসহ সারা দেশের প্রবেশদ্বার হলো দশমাইল। এছাড়া দেশের বিখ্যাত কলার আড়ত এই দশমাইলে হওয়ার কারণে বিভিন্ন সময় যানযট লেগেই থাকে। যার ফলে বিভিন্ন সময় নানা দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটে। বিগত ৬ মাসে অন্তত ১০টিরও বেশি সড়ক দূর্ঘটনা ঘটে দশ মাইলে যাতে অন্তত ৪ জন মারা যান এবং অনেকে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। ”

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার কোন সংস্কার কাজ হয় নাই। তাই দশমাইল মোড়, ঠাকুরগাঁও রোডের রাস্তা এখন মরণফাঁদ। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে, মানুষ আহত হচ্ছে ও মারা যাচ্ছে।

মানবন্ধনে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ার সাকিব বলেন, “এখানে একটি মহল রাস্তার দু’পাশ ব্যাবহার করে প্রতিনিয়ত বালুর ব্যাবসা চালিয়ে আসছে যার কারণে যানযট এবং রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।”

মানববন্ধনে রাস্তার দু’পাশের ঢালু ও খাল ঠিক করা, তেল পাম্পের সামনের জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তার দুই পাশে নিরাপদ ফুটপাত তৈরি এবং রাস্তাটি দীর্ঘস্থায়ী ও নিরাপদ করতে মানসম্মত নির্মাণ কাজ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবী উত্থাপন করা হয়।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সেক্রেটারি মতিউর রহমান মতি, কাহারোল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক কাবির আনাম, প্রভাষক সাইফুল্লাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মানববন্ধনটি পরিচালনা সঞ্চলনা করেন ইঞ্জিনিয়ার সাকিব।