রাজশাহীর নাগরিক সুবিধা ও অধিকার আদায়ের দাবিতে ২৩ দফা স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগর ভবনে গিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসক বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ এনামুল হক, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর, ১৬ নং ওয়ার্ড বেলাল হোসেন,সদস্য সচিব মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল, প্রচার সম্পাদক ও সভাপতি, ১২ নং ওয়ার্ড বিএনপি রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ইমন।
কমিটির পক্ষ থেকে উত্থাপিত ২৩ দফার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি হলো- নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতি মাসে একটি গণশুনানি আয়োজন। গণশুনানি ছাড়াই হোল্ডিং ট্যাক্স ও পানির ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি হ্রাস। অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো এবং চালকদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা। মাদক ও কিশোরগ্যাং দমন, মশক নিধন, জলাবদ্ধতা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় গুলোকে সচল করা।
মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু। সব ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা পুনঃস্থাপন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হকারদের পুনর্বাসন।
স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যরা নির্ধারিত সময়ে নগর ভবনে পৌঁছালেও প্রধান প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে অফিস কক্ষে অনুপস্থিত পান। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তারা নিয়মিত উপস্থিত না থাকায় সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে।” তাদের দাবি, প্রতিদিন অন্তত এক ঘণ্টা হলেও প্রধান প্রশাসককে অফিসে উপস্থিত থাকতে হবে।
কমিটির নেতারা আরও জানান, পূর্বে দেওয়া ৩৮ দফা দাবি বাস্তবায়নে গড়িমসি হলে শিগগিরই রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
