সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান চালিয়ে মৎস্য সংরক্ষণ আইনে ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্য মানের বিভিন্ন অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস । মঙ্গলবার ১৯ আগস্ট দিনভর উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয় ।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের খাসরাজবাড়ি, তেকানি, শুভগাছা এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামের নদী সীমানা থেকে ২২০ সেট অবৈধ চায়না দুয়ারী জাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, যার বাজার মূল্য ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ক্ষেত্র সহকারী অরুপ বসাক সহ অন্যান্য কর্মচারিবৃন্দ।

জানা যায়, কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছু অসাধু ব্যক্তি ও মহাজন অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জালসহ বিভিন্ন ক্ষতিকারক জাল দিয়ে মাছ শিকার করে আসছে, এতে করে নদীতে মৎস্য সম্পদ ও জীব-বৈচিত্র্য প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো ক্রিয়াশীল হতে আহ্বান জানান তারা।