রাজশাহী শহরের মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে পদ্মা নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়াসা। গোদাগাড়িতে নির্মাণাধীন এই পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন ২০ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সহায়তায় পরিচালিত এই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে সোমবার (২৮ এপ্রিল) উদ্বোধন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকল্পটির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে। বাংলাদেশ-চায়না এক সঙ্গে কাজ করছে, ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদুত।

তিনি বলেন, গতমাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। আগামী মাসে চীনা বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ব্যসায়িক সম্মেলনে চীনের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এভাবে চীন-বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

আরো পড়ুন: রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অনেক অঞ্চলে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সরকার দীর্ঘমেয়াদি সমাধানে কাজ করছে এবং এ প্রকল্প তারই অংশ।

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল আলম সরকার জানান, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং পরিবেশ সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প পরিচালক পারভেজ মাহমুদ বলেন, এই শোধনাগার থেকে গোদাগাড়ি, নওহাটা ও কাটাখালি এলাকার প্রায় ৩০টি ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।

২০১৫ সালে সম্ভাব্যতা যাচাই শেষে ২০২৩ সালের জুনে প্রকল্পের কাজ শুরু হয়। ৪৮ মাসের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ৪,০৬২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বাংলাদেশ সরকার ১,৭৪৮ কোটি ও চীনের হুনান কোম্পানি ২,৩১৩ কোটি টাকা বিনিয়োগ করছে।

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে চর্মরোগ ‘স্ক্যাবিস’

প্রকল্পের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে রাজশাহীর পানির কাভারেজ ৮৪ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পানির গুণগত মান উন্নয়ন ও জন প্রতি ব্যবহার ৬৫ লিটার থেকে ১৪০ লিটার পর্যন্ত বাড়ানো হবে।

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন সরকারের ইকোনমিক রিলেশন ডিপার্টমেন্টের উপসচিব আব্দুল কাদের, প্রকল্পের বাণিজ্যিক ব্যবস্থাপক যো হুয়াইয়েন, প্রধান প্রকল্প উপদেষ্টা শু জো প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিক রিলেশন ডিপার্টমেন্টের উপসচিব আব্দুল কাদের, প্রকল্পের বাণিজ্যিক ব্যবস্থাপক যো হুয়াইয়েন এবং চিফ প্রজেক্ট অ্যাডভাইজার শু জো।