রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে চর্মরোগ ‘স্ক্যাবিস’। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জরুরি চিকিৎসা প্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।
মঙ্গলবার (২৮এপ্রিল) সকাল থেকে মেডিকেল সেন্টারে দেখা গেছে আক্রান্ত শিক্ষার্থীদের ভিড়। কেউ চিকিৎসকের সিরিয়ালে অপেক্ষা করছেন, আবার কেউ ওষুধ পেতে লাইনে দাঁড়িয়ে আছেন। মেডিকেল সেন্টারে সঠিক চিকিৎসাসেবা এবং ওষুধ পাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, কয়েকদিন ধরে শরীরে চুলকানির সঙ্গে লালচে ফুসকুড়ি দেখা দিয়েছে, একই সমস্যা রুমের অন্যদেরও হচ্ছে। অন্য আরেক শিক্ষার্থী বলেন, “হাতের আঙুল, পেটসহ শরীরের স্পর্শকাতর স্থানে চুলকানির মাত্রা বেড়েছে। চিকিৎসা নিয়েছি, তবে সব ওষুধ মেলেনি।”
আরো পড়ুন: রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের নতুন কারখানায় হাজার হাজার মানুষের স্বপ্নের নতুন ঠিকানা
এ বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন বলেন, শত শত চর্মরোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে রোগটির নাম স্ক্যাবিস। গত কয়েকদিন ধরেই একের পর এক এই রোগে আক্রান্ত রোগীরা এসে হাজির। বিভিন্ন হল, মেসে বসবাসরত ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ছোঁয়াচে রোগ।
রোগটির বর্ণনা দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, আঙুলের ফাঁকে, কব্জির সামনে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি নিয়ে শুরু হয়ে যায় এই রোগ। বিশেষ করে রাতের বেলায় চুলকানির মাত্রা বেড়ে যায়। ক্লোজ কন্টাক্টে যারা থাকেন, তাদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার মাত্রা অনেক বেশি।
চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা বলেন, “স্ক্যাবিস দ্রুত ছড়াচ্ছে, যা উদ্বেগজনক। আমরা যথাসাধ্য চেষ্টা করছি চিকিৎসা ও ওষুধ সরবরাহে। শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং একে অন্যের কাপড় ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”
মেডিকেল সেন্টারে রোগটির ওষুধ থাকার বিষয়ে ডা. মাশিহুল আলম বলেন, অবাক করা বিষয় হলো, মেডিকেল সেন্টারে স্ক্যাবিস রোগের ওষুধ ছিল না। পরে প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপিকে বিষয়টি জানালে তিনি জরুরিভিত্তিতে ওষুধ সরবরাহের ব্যবস্থা করেন। এখন থেকে রাবি চিকিৎসাকেন্দ্রেই স্ক্যাবিসের চিকিৎসাসহ সব ওষুধ পাবেন। এজন্য প্রধান চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।
আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় বৃত্ত ভরাটে সাড়ে সাতশ ওএমআর বাতিল সংশোধনের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, হলে বা মেসে অবস্থানকারী শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনক হারে এই ছোঁয়াচে রোগ বাড়ছে। শিক্ষার্থীদের উচিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও সচেতন থাকতে হবে একে অন্যের কাপড় ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”
শিক্ষার্থীরা ঠিকঠাক সেবা পাচ্ছে কিনা জানতে চাইলে এই প্রধান চিকিৎসক জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সঠিক চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করতে। যদিও আমাদের কিছু ঘাটতি রয়েছে, আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। কিছু ওষুধ পেয়েছি, আরও দরকার।
