ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে ২০২৩-২৪ মৌসুমই প্রথম ছিল লউতারো মার্তিনেসের। মৌসুমজড়ে দারুণ ফুটবল খেলেছেন ইন্টার অধিনায়ক। তার পুরস্কারও পেলেন এবার। ইতালিয়ান লিগ সিরিআ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা।

মার্তিনেসের জাদুতেই এবার সিরি’আয় নিজেদের ২০তম শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান। স্কুদেত্তো জয়ের পথে লিগে ২৪ গোল করেন মার্তিনেস। যা সিরি’আয় দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচের চেয়ে ৮টি বেশি।

ইন্টারের ইতিহাসে দশম খেলোয়াড় হিসেবে সিরি’আয় সর্বোচ্চ গোলস্কোরার হলেন মার্তিনেস। এছাড়াও স্কুদেত্তো জয়ের বছরে সপ্তম ইন্টার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলস্কোরারের গৌরব অর্জন করলেন ২৬ বছরের এই খেলোয়াড়।

২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দেন মার্তিনেস। ২০২৩-২৪ মৌসুমে তার হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেন ইন্টার কোচ সিমোনে ইনজাঘি। আগামী রবিবার সিরি’আয় নিজেদের শেষ ম্যাচে ভেরোনার বিপক্ষে খেলবে ইন্টার। সেই ম্যাচের আগেই মার্তিনেসের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এদিকে, সিরি’আয় ২০২৩-২৪ মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন ভ্লাহোভিচ। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন মুনসার মিশেল দি গ্রেগোরিও। এছাড়া সেরা মিডফিল্ডার ও সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টারের হাকান কালহানোগলু ও আলেসান্দ্রো বাস্তোনি।