প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরবর্তী আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য WHO আঞ্চলিক কমিটির ৭৬ তম অধিবেশনে একটি বন্ধ বৈঠকে সদস্য রাষ্ট্রগুলি সায়মা ওয়াজেদকে মনোনীত করার পক্ষে ভোট দিয়েছে।

নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক ১ ফেব্রুয়ারি ২০২৪-এ দায়িত্ব গ্রহণ করবেন। সায়মা ওয়াজেদ WHO এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য ৮ – ২ ভোটে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

উল্লেখ্য,অটিজম বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সায়মা ওয়াজেদ এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আঞ্চলিক প্রধান হিসাবে এখন দায়িত্ব পালন করছেন ভারতের পুণম ক্ষেত্রপাল। সায়মা ওয়াজেদ পুতুল দায়িত্ব গ্রহণ করলেন তিনিই হবেন প্রথম বাংলাদেশি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন। এর আগে বাংলাদেশের কেউই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে নির্বাচিত হননি।

সরকার সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়। সায়মা ওয়াজেদ পুতুলের এই বিজয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিত্বরা।

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করেন।