বিএনপি-জমায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশব্যাপী মোট ১৬টি স্থানে আগুন লাগার সংবাদ দিয়েছে ফায়ার সার্ভিস।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিতে চারটি, ঢাকা বিভাগে ছয়টি, চট্টগ্রাম বিভাগে তিনটি ও রাজশাহী বিভাগে তিনটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, দুটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক, একটি পিকআপ, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স পুড়ে যায়।
এতে আরও বলা হয়েছে, রাজধানীর পোস্তাগোলা, খিলগাঁও, বারিধারায় তিনটি, ঢাকা বিভাগের সাভার, গাজীপুরে দুটি, চট্টগ্রাম বিভাগে কর্ণফুলী, রাঙ্গুনিয়ায় দুটি, রাজশাহী বিভাগ বগুড়া ও সিরাজগঞ্জ দুটি ঘটনা ঘটে।
প্রসঙ্গত, বিএনপির শনিবারের সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং পরদিন রবিবার হরতালের পর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে তিন দিনের অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। একই কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।
