‘সাংবাদিক, সাংবাদিক বলে চিৎকার করে আমাকে ধাওয়া দিল এবং ইচ্ছেমতো মারধর করল। লাঠি, রড ও বাঁশ এমন কিছু বাদ নাই যা দিয়ে তারা মারেনি। মারতে মারতে আমাকে ডিআইজি ঢাকা রেঞ্জের কার্যালয় পর্যন্ত নিয়ে গেল। আমি চেষ্টা করছিলাম সরে যেতে কিন্তু পেছন থেকে ধাওয়া দিচ্ছিল। সামনে যেই পাচ্ছিলো, সেই মারছিল।’
আজ শনিবার আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশেকে কেন্দ্র করে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে ভয়ানকভাবে মারধরের শিকার দৈনিক কালবেলার অপরাধ বিষয়ক প্রতিবেদক রাফসান জানি উপরোক্ত কথাগুলো বলছিলেন।
জানা গেছে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন অন্তত ৯ সাংবাদিক। এদের মধ্যে বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদকসহ তিন জন আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে।
সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলে পুড়িয়ে দেয় হামলাকারীরা রাফসান জানি বলেন, ‘নাইটেঙ্গেল মোড়ে দায়িত্ব পালন করছিলাম। আমি আর বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল ভাই কাছাকাছি ছিলাম। এর মধ্যে দেখলাম দুই জন পুলিশ ও একজন আনসার সদস্যকে কাকরাইলের দিকে ধাওয়া দিয়ে বেধড়ক মারা হচ্ছে। ২০-২৫ জন বিএনপি কর্মী রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে। আমি শুধু রাস্তার এপার থেকে এসে মাঝখানের সড়ক বিভাজকের উপর দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার গলায় আইডি কার্ড ঝোলানো ছিল, ওইপাশ থেকে দুই তিন জন এসে ধাওয়া দিল। সাংবাদিক, সাংবাদিক বলে চিৎকার করে আমাকে ধাওয়া দিল এবং ইচ্ছেমতো মারধর করল। লাঠি, রড ও বাঁশ এমন কিছু বাদ নাই, যা দিয়ে তারা মারেনি। মারতে মারতে আমাকে ডিআইজি ঢাকা রেঞ্জের কার্যালয় পর্যন্ত নিয়ে গেল। আমি চেষ্টা করছিলাম সরে যেতে কিন্তু পেছন থেকে ধাওয়া দিচ্ছিল। সামনে যেই পাচ্ছিলো, সেই মারছিল।’
রাফসান বলেন, ‘কোনোমতে ডিআইজি কার্যালয় পর্যন্ত আসার পর তারা আমার পিছু ছাড়ে। সেখানে যাওয়ার পর আমি গাজী টিভির সাংবাদিকদের সাহায্য নেই এবং অফিসে জানাই। এরপর আমাকে আমার সহকর্মীরা ঢাকা মেডিকেল নিয়ে আসে।’
চিকিৎসকরা জানিয়েছেন, রাফসান মাথায় কিছু জায়গায় আঘাত পেয়েছেন। তার পিঠেও কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন। তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।
গুরুতর আহত ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন
এছাড়াও আহত হয়েছেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ। প্রধান বিচারপতির বাসবভবনের সামনে ইটের আঘাতে আহত হন সালমান তারেক। আর পল্টনে পুলিশের ধাওয়ায় ভিড়ের মধ্যে রাস্তায় পড়ে যান সাজ্জাদ হোসেন। এ সময় অন্য মানুষের পদদলিত হয়ে আহত হন তিনি। অন্যদিকে পল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীদের ধাক্কায় রাস্তায় পড়ে পদদলিত হয়ে আহত হন জোবায়ের আহমেদ।
সংঘর্ষে আরও আহত হন, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান। ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরের সঙ্গে থাকা সাংবাদিক মুজাহিদ জানান, জামায়াতের সমাবেশ শেষ করে আসার পথে হামলা চালায় বিএনপি কর্মীরা। তানভীরকে রাস্তায় ফেলে ইচ্ছামতো পেটায়। তার অবস্থা গুরুতর।
