আকম্মিক সফরে ইউক্রেনে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি কিম কিওন হি। কিয়েভ পৌঁছে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইওল। এ সময় ইউক্রেনে সামরিক সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এ ছাড়া গত বছরের তুলনায় এ বছর ৫০ বিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, শনিবার ফার্স্ট লেডি কিম কিওন হিকে সঙ্গে নিয়ে কিয়েভ সফরে যান ইউন সুক ইওল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটি সফর করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় কোরীয় নেতার সফরের বিষয়ে বলেছেন, ইউক্রেনীয় জনগণের নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে।

রাশিয়ায় ইউক্রেনীয়দের নির্বাসন, তার দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাব, বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন, খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দুই নেতার বৈঠকের আগে রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এ শহরটিতে রুশ বাহিনী ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে কিয়েভ।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউন সুক ইওল ঘোষণা দেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার সামরিক সহায়তা আরও বাড়ানো হবে। এ ছাড়াও গত বছরের তুলনায় এ বছর ৫০ বিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেওয়া হবে। গত বছর দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে ১০০ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দেয়। চলতি বছর এ সহায়তার পরিমাণ হবে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। সুক ইওল আরও বলেন, তিনি ও জেলেনস্কি যুদ্ধ পরবর্তী ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে আলোচনা করেছেন। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া ইউক্রেনের শিক্ষার্থীদের জন্য ইউন ও জেলেনস্কি নামে একটি শিক্ষাবৃত্তি চালু করবে।

সফরে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিনের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সব সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।