গত বছর এশিয়া কাপে পাকিস্তানের পেসার নাসিম শাহের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলার রসায়ন নিয়ে আলোচনা হয়। যেখানে সেবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন পেসার নাসিম শাহ। এরপরই তিনি পুরো লাইমলাইটে চলে আসেন। ঠিক তখনই নাসিম শাহের একটি ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দেন উর্বশী।
যদিও সেই বিষয়টি নিয়ে সাংবাদিকরা নাসিম শাহকে প্রশ্ন করলে তিনি উর্বশী নামের কাউকে চেনেন না বলেই জানান। তবে তিনি বলেছিলেন, ‘সে সময় আমি মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারও আমার খেলা দেখে ভালো লাগে তাহলে কিছু বলার নেই। আমাকে যদি কারও ভালো লেগে থাকে তাহলে খুব ভালো কথা।’
তবে দুই অঙ্গনের দুই তারকার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি পাকিস্তানে স্পিন অলরাউন্ডার শাদাব খান বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন নাসিম।
সেই পোস্টের নিচে কমেন্ট করে নাসিমকে জন্মদিনের শুভেচ্ছা জানান উর্বশী। ওই কমেন্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন নাসিম শাহ। পুলিশের (বেলুচিস্তান রাজ্যের) সম্মানজনক ডিএসপি পদে ভূষিত হওয়ায় অভিনন্দন।’ পরে সেই কমেন্টের জবাবও দিয়েছেন নাসিম। তিনি বলিউড অভিনেত্রীকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান।
