বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে শুরু থেকে তারকা ক্রিকেটার এবং টি-টোয়েন্টির হটকেকদের না পাওয়ার যে আক্ষেপ ছিল, সেটি যেন প্লে অফে এসে খুব ভালোভাবে ফুরাচ্ছে। টি-টোয়েন্টি লিগগুলোর চেনা মুখগুলো বিপিএলে আসছে প্লে অফের হাত ধরে।

সদ্যই রংপুর রাইডার্স দলের সঙ্গে যোগ দিয়েছেন মুজিব উর রহমান, দাসুন শানাকা। আসার কথা রয়েছে নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভোদের। সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে যোগ দিয়েছেন ইসুরু উদানা, জর্জ লিন্ডেরা। এছাড়াও কিয়েরন পোলার্ড, ফাফ ডু প্লেসিদের আসার কথা রয়েছে।

তাদের সঙ্গে পাল্লা দিয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশালও বড় ক্রিকেটারদের নিয়ে এসেছে বিপিএলের মঞ্চে। শ্রীলঙ্কান ভানুকা রাজাপাকসে এবং স্পাইসম্যান খ্যাত ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচার যোগ দিয়েছে বরিশাল শিবিরে।

দুই ক্রিকেটারই ব্যস্ত ছিলেন আবুধাবিতে হওয়া ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে। যেখানে ফ্লেচার খেলছিলেন এমআই এমিরেটসের হয়ে। দলটির হয়ে টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ফ্লেচার। ১১ ম্যাচের ১১ ইনিংসে দলটির হয়ে ৩০৩ রান করেছেন এই ক্যারিবিয়ান।

তবে ব্যাট হাতে ভালো সময় কাটাননি ভানুকা রাজাপাকসে। এই লঙ্কান ক্রিকেটার খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। তবে মাত্র ৩ ম্যাচে সুযোগ পেয়েছেন রাজাপাকসে। তিন ম্যাচের কোনো ইনিংসে ডাবল ডিজিটে পৌঁছাতে পারেননি এই ব্যাটসম্যান। তিন ম্যাচ থেকে একটি ডাকসহ করেছেন মোটে ১২ রান।