জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের। শুক্রবার বিকালে চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল চত্ত্বরে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে উদ্বোধন হয় আসরের। চার গ্রুপে ভাগ হয়ে ১৬ কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রথমদিন ১২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে নগদকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বিকাশ। দ্বিতীয় ম্যাচে প্রেসিডেন্সিকে ২-০ গোলে হারায় এক্সিম ব্যাংক। এরপর ক্লিফটন গ্রুপের কাছে ১০-১ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় বিকাশ। ক্লিফটন দলের আরাফাত ও আরসো হ্যাটট্রিক করেন। এছাড়া এশিয়ান গ্রুপ ২-০ গোলে এরো জিন্সকে পরাজিত করে। এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং স্পোর্টস লীগের উদ্যোক্তা এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম।