পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হওয়ার কয়েক ঘণ্টা পরই কাজ শুরু করে দিয়েছেন শহিদ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টেস্ট সিরিজের দলে নতুন তিনজনকে ঢুকিয়েছে আফ্রিদির নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। যেটিকে ইতিবাচকভাবেই নিয়েছে পিসিবি।
অথচ তিন দিন আগেই ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আগের নির্বাচক প্যানেল। গতকাল শনিবার প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে দেন নতুন মেয়াদে ফেরা পুরোনো প্রেসিডেন্ট নাজাম শেঠি। সাবেক প্রেসিডেন্ট রমিজ রাজা ওয়াসিমকে প্রধান নির্বাচক করেছিলেন। এবার তাকে সরিয়ে আফ্রিদিকে দায়িত্বে আনলেন নাজাম শেঠি।
নতুন ভূমিকায় ফিরেই আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের দলে মীর হামজা, সাজিদ খান ও শাহনেওয়াজ দাহানিকে অন্তর্ভুক্ত করেন আফ্রিদি। এই ত্রয়ীর মধ্যে শেষজনের কেবল টেস্ট অভিষেক হয়নি। মীর হামজা সর্বশেষ টেস্ট খেলেন ২০১৮ সালে; অস্ট্রেলিয়ার বিপক্ষে। লম্বা সময় ব্রাত্য থাকার পর অবশেষে তাকে টেস্ট দলে ফেরালেন আফ্রিদি।
সাজিদ সবশেষ টেস্ট খেলেন ৯ মাস আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সাজিদ-হামজা দুজনেই পাকিস্তানের হয়ে তিন সংস্করণে খেলেছেন। এবার চক্রপূরণের অপেক্ষায় আছেন শাহনেওয়াজ। পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার।
নতুন করে তিনজনের টেস্ট দলে অন্তর্ভূক্তি নিয়ে সংবাদমাধ্যমকে আফ্রিদি বলেছেন, ‘আমরা দল নিয়ে অনেক আলোচনা করেছি এবং একমত হয়েছি যে, আমাদের বোলিং বিভাগে শক্তি বাড়াতে হবে, যেন আমরা প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারি। সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে আমরা দুজন পেসার (শাহনেওয়াজ ও হামজাকে) এবং একজন স্পিনার (সাজিদকে) যুক্ত করেছি।’
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ নওয়াজ, মোহম্মদ রিজওয়ান, মোহম্মদ ওয়াসিম (জুনিয়র), নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহনেওয়াজ দাহানি, শান মাসুদ এবং জাহিদ মেহমুদ।
