টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় টাইগারদের অর্জন দু’টি জয়। দলের ব্যর্থ মিশনে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষ ব্যাটারদের পায়ে কাঁপুনি ধরিয়ে দেয়া এই বোলারকে প্রশংসায় ভাসিয়েছে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। ভারতের সাবেক ক্রিকেটারের ভাষ্য, আইপিএল খেললে ভয়ঙ্কর হতে পারেন তাসকিন।

আইপিএলের সবশেষ মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বিসিবির এনওসি (অনাপত্তিপত্র) না পাওয়ায় আইপিএল খেলা হয়নি ডান হাতি এই পেসারের। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘তাসকিন দুর্দান্ত বোলার। তার বলে পেস আছে। সর্বশেষ আইপিএলে লক্ষ্ণৌ জায়ান্টস তাকে চেয়েছিল।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র দেয়নি। এবার যদি সে ছাড়পত্র পায়, তাহলে সে ভয়ঙ্কর বোলার হতে পারে। কারণ নতুন বলে উইকেটরক্ষক ও তাসকিনের মধ্যেই শুধু খেলা হয়! ব্যাপারটা এমন নয়, সে শুধু অস্ট্রেলিয়ার মাঠেই ভালো করেছে। সব মাঠেই তাকে সম্মান দিতে হবে।

বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে পাওয়ার-প্লে এবং মিডল ওভারে তাসকিনকে বল করিয়েছেন সাকিব আল হাসান। আকাশ চোপড়ার মতে, ডেথ ওভারে বেশ খরুচে তাসকিন। তিনি বলেন, ‘ডেথ ওভারে তাসকিন খরুচে। তবে তাকে যদি পাওয়ারপ্লেতে ২-৩ ওভার ও ১২-১৩ ওভারের দিকে বাকি ওভার করানো হয় তাহলে প্রতি ম্যাচে সে ৩ উইকেট পেতে পারে।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। সুপার টুয়েলভে টাইগারদের মধ্যে সর্বাধিক ৮টি উইকেট নিয়েছেন তিনি। ৫ ম্যাচ খেলে ১৩১ রান দেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাসকিন। জিম্বাবুয়েকে হারানোর ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই ডান হাতি পেসার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ভারতের বিপক্ষে ম্যাচে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন তাসকিন।