ঘরের মাঠে বিশ্বকাপ, অথচ সেমিফাইলেই উঠতে পারল না অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টেস্ট খেলেন না অ্যারন ফিঞ্চ, সেপ্টেম্বরে বিদায় জানিয়েছেন ওয়ানডেকেও। তবে বিশ্বকাপে দলের বিপর্যয়ের পরও অবসরের কথা ভাবছেন না অজি টি-টোয়েন্টি অধিনায়ক ফিঞ্চ।

অবসর প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘না, আমি এখনই অবসর নিচ্ছি না। আমি বিগ ব্যাশে খেলব। এরপর দেখব আমরা কোথায় আছি। তবে আমি এখনো ক্রিকেটটা উপভোগ করছি, টি-টোয়েন্টি খেলছি। আগস্টের আগে আমাদের কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই সবকিছু বিবেচনা করার পর্যাপ্ত সময় রয়েছে।

ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই ফিঞ্চ। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভুগেছেন বেশ। বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৬৩ রান করলেও বেশিরভাগ সময়ই ছিলেন খোলসবন্দি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন অজি অধিনায়ক।