প্রথম দেখায় বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। সাবেক ক্লাবের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন আর্লিং ব্রট হালান্দ। এবার ব্যর্থ হলেন ম্যান সিটির নরওয়েজিয়ান গোলমেশিন। হালান্দের নিষ্প্রভতার রাতে ডর্টমুন্ডকে হারাতে পারেনি সিটি।
মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়নস লীগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ে ম্যান সিটির কাছে টানা তিন হারের পর পয়েন্ট অর্জন হলো ডর্টমুন্ডের। সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে সিটিজেনদের ১-০ গোলে হারিয়েছিল বুন্দেসলিগার ক্লাবটি। চ্যাম্পিয়নস লীগে জার্মান দলের বিপক্ষে ১৭ ম্যাচে ১৬ বার অপরাজিত রইলো ম্যানচেস্টার সিটি। ২০২১ সালে একমাত্র হারটি আরবি লাইপজিগের বিপক্ষে। ২ ম্যাচ হাতে রেখেই ‘জি’ গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকিট পায় ম্যানচেস্টার সিটি।
৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট সিটিজেনদের। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। গ্রুপের অন্য ম্যাচে কোপেনহেগেন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে লা লিগার দলটি। আগামী ৩রা নভেম্বর ম্যান সিটির মুখোমুখি হবে সেভিয়া।
একই দিনে কোপেনেহেগেনের বিপক্ষে লড়বে ডর্টমুন্ড। সেদিন সেভিয়া জিতলে এবং ডর্টমুন্ড হারলে দুই দলের পয়েন্ট হবে সমান ৮। সেক্ষেত্রে গোলপার্থক্যের হিসেবে যেকোনো একদল যাবে শেষ ষোলোয়। আর ডর্টমুন্ড জিতে গেলে সম্ভাবনা শেষ সেভিয়ার। শেষ ষোলোয় চেলসি, এসি মিলানের বড় জয় মঙ্গলবার রাতে রেড বুল অ্যারেনায় স্বাগতিক আরবি সালসবুর্র্গকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ‘ই’ গ্রুপের প্রথম দল হিসেবে নক আউট নিশ্চিত হলো টিম ব্লুদের। গ্রুপের অন্য ম্যাচে দিনামো জাগরেবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। ৫ ম্যাচে ৩ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তিনে থাকা সালসবুর্গের পয়েন্ট ৬। আর ১ জয়ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে দিনামো জাগরেব। আগামী ৩রা নভেম্বর সালসবুর্গের মুখোমুখি হবে এসি মিলান। সেই ম্যাচে যে জয় পাবে সেই পাবে শেষ ষোলোর টিকিট। ম্যাচ ড্র হলে কপাল পুড়বে সালসবুর্গের।
