শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা যখন শেষ, তখন দেখে মনে হচ্ছিল পঞ্চম দিনটা ভালোভাবেই কাটিয়ে দিতে পারবে পাকিস্তান। তবে দিনের শুরুতে জয়সুরিয়া ও রামেশ মেন্ডিসের ঘূর্ণিতে টালমাটাল হয়ে পড়ে বাবর আজমের দল। শেষ পর্যন্ত ২৪৬ রানের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম ম্যাচ পাকিস্তান জিতেছিল ৪ উইকেটে।

পঞ্চম দিনের খেলা যখন শুরু হয়, তখন পাকিস্তানের দরকার ছিল ৪১৯ রান, আর লঙ্কানদের ৯ উইকেট। এমন অবস্থায় পাকিস্তানের এই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কেননা টেস্ট ইতিহাসে রান তাড়ার বিশ্বরেকর্ডটি ৪১৮ রানের।তবে বৃষ্টি কিংবা বাবর আজমের থিতু ব্যাটিংয়েই এই ম্যাচ ড্র করার একমাত্র সম্ভাবনা ছিল। তবে তা হতে দেন নি প্রবাথ জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিস। এই দুই স্পিনারের ঘূর্ণিতে পাকিস্তানকে ২৪৬ রানে হারায় শ্রীলঙ্কা।

১ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। পঞ্চম দিনের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখে শ্রীলঙ্কার বোলাররা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের একটি জুটি গড়েছিলেন বাবর আজম। ৩৭ করা রিজওয়ানকে প্রভাত জয়সুরিয়া বোল্ড করার পর মাত্র ১২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তারপরও পাকিস্তানের আশা ছিল দলের অধিনায়ক বাবর আজম দলকে টেনে নিয়ে জেতে পারবেন। করতে পারবেন ঐতিহাসিক ড্র। তবে তা হতে দেন নি জয়সুরিয়া। তার বলে এলবিডব্লিউ হয়ে ৮১ রান করে সাজঘরে ফেরার পর শ্রীলঙ্কার জন্য টেস্ট জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

শেষ পর্যন্ত ইয়াসির শাহর ২৫ বলে ২৭, হাসান আলির ১০ বলে ১১ এবং নাসিম শাহর ২১ বলে ১৮ রান কেবল হারের ব্যবধানটা কমিয়েছে। লঙ্কানদের হয়ে পাঁচ উইকেট পেয়েছেন প্রভাত জয়সুরিয়া। আর ৪ উইকেট পেয়েছেন রমেশ মেন্ডিস। প্রথম ইনিংসে মেন্ডিস পেয়েছিলেন ৫ উইকেট আর জয়সুরিয়া পেয়েছিলেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা হননি এই দুজনের কেউ। লঙ্কানদের হয়ে দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা হয়েছেন ম্যাচ সেরা। আর দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন প্রভাত জয়সুরিয়া।