এই দলবদলের মৌসুমে ইংলিশ ক্লাব চেলসি দাবি করেই বসতে পারে যে, লা লিগা জায়ান্ট বার্সেলোনা তাদের ছিনতাই করে সর্বস্বান্ত করে দিয়েছে। একেই তো মালিকানা নিয়ে সমস্যায় দলবদলের বাজারে নামতে দেরি হয়ে গেছে, তার ওপর যেদিকেই হাত দিচ্ছে বার্সেলোনা এসে তুলে নিয়ে যাচ্ছে। যার সবশেষ উদাহরণ সেভিয়ার ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। চেলসি কোচ টুখেলের পছন্দের ডিফেন্ডারকে দলে টানছে বার্সেলোনা।
আর্থিক সংকটে থাকা বার্সেলোনাকে নিয়ে দিন কয়েক আগে বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, একমাত্র ক্লাব বার্সেলোনা যাদের টাকা না থাকলেও পছন্দের খেলোয়াড় কেনা আটকায় না। অবস্থাদৃষ্টে সত্যিই মনে হচ্ছে কথাটা। তা না হলে লিডস থেকে রাফিনিয়া, বায়ার্ন থেকে লেভানদোভস্কিকে বড় অঙ্কের টাকা খরচ করে দলে ভেড়ানোর পর ফের কুন্দের দিকে হাত বাড়ানো চাট্টিখানি কথা না। যেখানে টাকার বস্তা নিয়ে তৈরি চেলসি। তবে রাফিনিয়ার মতো কুন্দেকে দলে ভেড়ানোর ক্ষেত্রেও জয়ী লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।
সেভিয়ার ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দের ওপর গত মৌসুম থেকেই নজর ছিল বেশ কিছু দলের। চেলসি হয়তো গত মৌসুমেই তাকে দলে ভেড়াত। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। এ মৌসুমে রুডিগারের পর চেলসি ছেড়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। মার্কাস আলন্সো ও সিজার আজপিকুয়েলেতারও দল ছাড়ার কথা। আর এই দুজনের দিকেও নজর বার্সেলোনার। তাই রক্ষণভাগে বড় তারকা ভেড়ানোর বিকল্প ছিল না তাদের। এ সুযোগটাই নিয়েছে সেভিয়া। দাম বাড়িয়ে দিয়েছে কুন্দের।
প্রথম দিকে মোটামুটি নিশ্চিতই ছিল এ ফরাসির চেলসিতে যাওয়ার বিষয়টি। কিন্তু নাটকীয়ভাবে ডিলটা হাইজ্যাক করে বার্সেলোনা। চেলসি-সেভিয়ার মাঝখানে এসে পড়ায় ঝুলে যায় কুন্দের ভবিষ্যৎ। তবে শেষ পর্যন্ত এই তারকা তার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিলেন কাতালান ক্লাবটাকেই। বার্সেলোনার কাছে ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেকে ছেড়ে দেয়ার জন্য সম্মত হয়েছে সেভিয়াও। এই ২৩ বছর বয়সী ডিফেন্ডারকে পেতে ৪৭৮ কোটি টাকা খরচ হচ্ছে বার্সাকে।
কুন্দের দলবদল নিয়ে ক্লাব দুটি এরই মধ্যে সম্মত হয়ে গেছে। দলবদল বিষয়ক খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কুন্দের দলবদল নিয়ে বার্সা ও সেভিয়ার মধ্যে মৌখিক সম্মতি হয়েই গেছে। আনুষ্ঠানিকতা বলতে লিখিত চুক্তি বাকি। তিনি আরও জানিয়েছেন গত রোববারই ব্যক্তিগত শর্তাবলী নিয়ে বার্সেলোনার সঙ্গে মতৈক্যে পৌঁছে গেছেন কুন্দে। আর তার সম্মতির পেছনে মূল ভূমিকা রেখেছেন কোচ জাভি হার্নান্দেজ।
তবে বার্সেলোনার গলায় মাছের কাঁটার একটু খচখচানি হয়ে আছে ৯৭ কোটি টাকার সমপরিমাণ অর্থ, যা বার্সেলোনাকে অতিরিক্ত দিতে হবে বিভিন্ন শর্তসাপেক্ষে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, এ নিয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছে বটে, কিন্তু এই ১ কোটি ইউরো বা ৯৭ কোটি টাকার সমপরিমাণ অর্থের জন্য এই চুক্তি মুখ থুবড়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই।
কোচ জাভি হার্নান্দেজের প্রথম মৌসুমে দুশ্চিন্তার জায়গা হয়েছিল বার্সার রক্ষণ। রক্ষণ দুর্বলতার কারণে এক মৌসুম আগেই তো বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ ব্যবধানে হেরেছিল তারা। তাই এই মৌসুমের দলবদলে রক্ষণের ছিল অগ্রাধিকার। আর সেখানে পছন্দের শীর্ষে লা লিগায় গত কয়েক মৌসুমের আলোচিত ডিফেন্ডার কুন্দে।
