ব্রাজিল শেষবার বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে ২০ বছর। এ সময়ে কোপা আমেরিকা, কনফেডারেশন লিগের শিরোপার পাশাপাশি অধরা অলিম্পিক স্বর্ণও ধরা দিয়েছে ব্রাজিলিয়ানদের হাতে। তবে বিশ্বকাপের আক্ষেপ তো অন্য কিছুতে মেটে না ব্রাজিলিয়ানদের। তবে ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের ভালো সম্ভাবনা দেখছেন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য রিকার্ডো কাকা। তার মতে ভারসাম্যপূর্ণ দল হওয়ায় নেইমার এবার নির্ভার হয়ে খেলতে পারলেই ভালো সম্ভাবনা থাকবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।২০০২ এ কোরিয়া-জাপান বিশ্বকাপের শিরোপা জয়ের পর থেকে বিশ্বকাপ খরায় ভুগছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরের চার আসরে তিনবার কোয়ার্টার ফাইনাল ও ২০১৪ সালে নিজ দেশে আয়োজিত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।

তবে বিশ্বকাপ জিততে না পারলেও অন্যান্য টুর্নামেন্টে সফলই ছিল ব্রাজিল। আর হালে ব্রাজিল দলটার আশা ভরসার প্রতীক হয়ে থাকা নেইমার তো এরই মধ্যে দলকে জিতিয়েছেন কনফেডারেশনস কাপ। তার হাত ধরেই ঘুচেছে ব্রাজিলের অলিম্পিক স্বর্ণের আক্ষেপ। তাই নিজের এই উত্তরসূরির যোগ্যতা নিয়ে সন্দেহ নেই ব্রাজিলের সাবেক বিশ্বসেরা তারকা কাকার। বরং দলের সঙ্গে ভিনিসিয়াস, রাফিনিয়া, অ্যান্টনির মতো তারকারা যোগ হওয়ায় নেইমার আরও ভালো খেলবেন বলেই আশা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাকার।

ফিফা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্রাজিলের বর্তমান প্রজন্মটা সফল প্রজন্ম। এরই মধ্যে অলিম্পিক জিতেছে। তারা বেশ ভালোভাবেই এগোচ্ছে যা বিশ্বকাপের জন্য আদর্শ। আমি রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টনিওর কথাই যদি বলি, তারা নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ ফর্মে রয়েছে এবং জাতীয় দলেও এর প্রতিফলন ঘটাচ্ছে।’

এই সাক্ষাৎকারে তিনি খোলামেলা প্রশংসা করেন ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক নেইমারের। কাকা বলেন, ‘নেইমার… নেইমারের ব্যাপারে কিছু বলারই প্রয়োজন নেই। আমার মতে, দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য অন্যরা থাকায় এখন নেইমারের জন্য ভালো করার সুযোগ অনেক বেড়েছে। শেষ ম্যাচগুলোতে আমরা দেখেছি, ব্রাজিল এখন আর নেইমারের একার ওপর নির্ভরশীল নয়।’ব্রাজিলের এই নেইমার নির্ভরতা এবার না থাকায় কাকা একটু বেশিই আশাবাদী এবার। তার মতে দলে অনেক তারকার উপস্থিতি নেইমার ও দল উভয়ের জন্য ভালো। নেইমার চাপমুক্ত হয়ে খেলতে পারলে তার পারফরম্যান্স আরও ভালো হবে বলে বিশ্বাস তার।

কাকা বলেন, ‘এটা তার (নেইমারের) জন্য বেশ উপকারী। কারণ এখন সে শান্ত থেকে গোছানোভাবে নিজের খেলা এগিয়ে নিতে পারবে। সবাই যা চায়, সে সেটি করে দেখাতে পারবে। সে একজন ফল নির্ধারণী খেলোয়াড়। যখন খুশি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তো আমার মতে, এটি (তরুণদের উপস্থিতি) খুব সাহায্য করবে।’নেইমারের পাশাপাশি তিতের উপস্থিতিও আশাবাদী করে তুলেছে কাকাকে। কাকা মনে করেন, এই বিশ্বকাপের আগে কোচ তিতে দীর্ঘ সময় পাওয়ায় ভালো একটা দল গড়ে তুলতে পেরেছেন। আর গত বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায়ের পর তিতেকে বিদায় না করা ব্রাজিলের জন্য ভালো সিদ্ধান্ত ছিল বলে মত তার।

তিনি বলেন, ‘২০১৮ বিশ্বকাপের পর তিতের অধীনে আমি মনে করি, বেশ ভালো হচ্ছে সবকিছু। ব্রাজিলে সাধারণত একজন কোচ একটি বিশ্বকাপ পর্যন্তই সময় পায়। তিতেকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। বিশ্বকাপের দুই বছর আগে সে দায়িত্ব নিয়েছে।’তিনি যোগ করেন, ‘তিতে এখন ভিন্ন পরিকল্পনা ভিন্ন দল নিয়ে এগোতে পারবে। অনেক খেলোয়াড়কে সে নিজেই বেড়ে উঠতে দেখেছে। তো এসব প্রক্রিয়া মিলে ব্রাজিলের জন্য ভালো হয়েছে।’

পরিসংখ্যান তিতের পক্ষেই কথা বলে। তিনি দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ বাছাইয়ে দুবারই শীর্ষে থেকে কোয়ালিফাই করে ব্রাজিল। এছাড়া ২০১৯ সালে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপাও জয় করে তারা। খেলেছে ২০২১ সালের কোপার ফাইনালেও। তবে সেবার আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েই খুশি থাকতে হয় তাদের।