কিছুদিন আগেও ভারতীয় দলে তিনি ব্রাত্য ছিলেন। ইনজুরিতে ফর্ম হারিয়ে ফেলা হার্দিকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে- এমন আলোচনাও শোনা যাচ্ছিল। কিন্তু সর্বশেষ আইপিএল দিয়ে ঘুরে দাঁড়ান হার্দিক। দুর্দান্ত পারফর্মেন্স আর নেতৃত্ব দিয়ে নতুন দল গুজরাত টাইটান্সকে জিতিয়েছেন শিরোপা।

সেই হার্দিক এখন ভারতের জাতীয় দলের নিয়মিত পারফর্মার। অল-রাউন্ডার নৈপূণ্যে জিতিয়ে যাচ্ছেন ম্যাচ। হার্দিকের এই বদলে যাওয়া ক্রিকেটই একের পর এক রেকর্ড গড়ছে।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেও দেখা গেছে সেই দুর্দান্ত হার্দিককে। রবিবারের ম্যাঞ্চেস্টারে ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের যুগেও ওয়ানডে ক্রিকেটে তার ৭ ওভারের মধ্যে ৩ ওভারই মেডেন! বোলার হার্দিকের মতোই উজ্জ্বল ব্যাটার হার্দিকও। তার ৫৫ বলে ৭১ রানের ইনিংসে ছিল ১০টি চার। আগ্রাসী ইনিংসে নেই একটাও ছক্কা! টি-টোয়েন্টি ক্রিকেটের পর ওয়ানডে ক্রিকেটেও এক ম্যাচে চার উইকেট এবং হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন হার্দিক।

বিশ্বক্রিকেটে এতদিন এমন রেকর্ড মাত্র একটাই ছিল। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাদা বলের দুই ধরনের ক্রিকেটেই এক ম্যাচে ৪ উইকেট এবং হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন হার্দিক। ঠিক ১০ দিন আগেই হার্দিক ইংল্যান্ডের বিপক্ষে সাদাম্পটনে টি-টোয়েন্টি ম্যাচে ৫১ রান করার পাশাপাশি ৩৩ রানে ৪ উইকেট নেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে হার্দিক সেই রেকর্ড গড়েন।

অস্ট্রেলিয়ার সাবেক অলরউন্ডার ওয়াটসন ২০০৫ সালে মেলবোর্নে আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৬৬ রান করার পাশাপাশি ৩৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। ২০১১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রান করার পাশাপাশি ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে ৪ উইকেট এবং ফিফটি করেন হার্দিক। তার আগে কৃষ্ণমাচারি শ্রীকান্ত, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিরা এই রেকর্ড গড়েছেন।