শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পরই আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছিলেন লিটন দাস। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন উইকেটকিপার এই ব্যাটার।

আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিং অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। তার বর্তমান রেটিং পয়েন্ট ৭২৪।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দলীয় ব্যর্থতার ভিড়ে ব্যক্তিগত অর্জনও কম নয়। এই যেমন, লিটন দাসের সর্বকালের সেরা অবস্থানে উঠে আসা, পাশাপাশি মুশফিকুর রহিমের মাইলফলক কিংবা বল হাতে সাকিবের মুন্সিয়ানা।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে ছিলেন লিটন। প্রথম তথা চট্টগ্রাম টেস্টের পরপরই তিন ধাপ এগিয়ে আসেন। এরপর এবার আরও পাঁচ ধাপ এগোলেন।

এদিকে, আইসিসির বর্তমান টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লিটন দাস। এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে কেউ কেউ সেরা বিশে জায়গা করে নিতে পারলেও লিটনের মতো ১২ তম বা এর চেয়ে ভালো করতে পারেননি অন্য কেউ।

চলতি বছর দুর্দান্ত খেলছেন লিটন। ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির কাছাকাছি তথা ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলার পর ঢাকা টেস্টে মুশফিককে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন।

প্রথম ইনিংসে ১৪১ রানের মহাকাব্যের পর দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেয়েছেন। আর তাতেই র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, বাংলাদেশেরও সর্বকালের সেরা র‌্যাঙ্কিংয়ে নিজের নাম লিখিয়েছেন।

চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও দুইয়ে আছেন লিটন। অথচ কিছুদিন আগেও অফ ফর্মের কারণে তাকে বাদ দেয়ার চিন্তা করা হচ্ছিল বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘কিছুদিন আগেও লিটন দাসকে আদৌ রাখব কি না, এইরকম চিন্তা ছিল। লিটন দাস নিজেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছে।’

লিটন সবচেয়ে বেশি সমালোচনায় পড়েছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে ৮ ম্যাচ খেলে তার ব্যাট থেকে আসে মাত্র ১২৮ রান। এরপর তো প্রায়ই একাদশ থেকেই জায়গা হারাচ্ছিলেন তিনি। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাকে দলে।

এরপর বাবর আজমদের বিপক্ষে টেস্টে দলে ফিরে নিজের যোগ্যতার প্রমাণ দেন লিটন। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে সমান এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরির ইনিংস। আর চলতি বছর দক্ষিণ আফ্রিকাকে বাদ দিলে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা উভয়ের বিপক্ষে তার ব্যাট ছড়িয়েছে দ্যুতি। ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে করেছেন ৫৫৮ রান।

যা তাকে চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রেখেছে দুইয়ে। এক ইনিংস কম খেলে ৭৫১ রান নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার উসমান খাজা। এছাড়া বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই খেলেছেন ৬০ রানের ইনিংস। আর চলতি বছর ৬ ওয়ানডে ম্যাচ খেলে এক সেঞ্চুরির বিপরীতে হাঁকিয়েছেন দুটি ফিফটি। সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই টাইগার ব্যাটার।