ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা সাত আসরে ১৫ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল একমাত্র শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের প্রতিযোগিতায় ১৫ উইকেট হলো তার।
শনিবার (২১ মে) দিল্লির মুখোমুখি হয়েছিল মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে। এদিন কার্যকরী বোলিং করেন বুমরাহ। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তিনি গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেন। তাতে আইপিএল ক্যারিয়ারে তার উইকেটের সংখ্যা দাঁড়াল ১৪৫।
বুমরাহর কার্যকরী বোলিংয়ের ম্যাচে মুম্বাই জেতে ৫ উইকেটে। দিল্লির দেওয়া ১৬০ রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। এ হারের ফলে প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে দিল্লি। কপাল খুলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
রান তাড়ায় নেমে দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন ওপেনার ইশান কিশান। ৩৫ বল মোকাবিলায় ৩ চারের বিপরীতে তার ব্যাট থেকে আসে ৪টি ছক্কার মার। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ বলে ৩৭ ও তিলক ভার্মা ১৭ বলে ২১ রান করেন। পুরো আসরে ছন্দহীন মুম্বাইকে আসরের শেষ ম্যাচে জয়ে রাঙান টিম ডেভিড। ১১ বল মোকাবিলায় ৪ ছক্কা ও ২ চারের মারে তার ঝড়ো ৩৪ রানের ইনিংসের ওপর ভর করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মুম্বাই।
এর আগে দিল্লির হয়ে রভম্যান পাওয়েল ৪৩, রিশভ পন্ত ৩৯, পৃথ্বী শ ২৪ ও অক্ষর প্যাটেল ১৯ রান করেন। বুমরাহ ছাড়াও মুম্বাইয়ের হয়ে ২টি উইকেট নেন রামানদীপ সিং। একটি করে উইকেট পান ড্যানিয়েল সামস ও মায়াঙ্ক মারকান্ডে।
