শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ। মুশফিক ও লিটনের কল্যাণে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৮৫ রান। এখনও লঙ্কানদের থেকে পিছিয়ে আছে ১২ রানে। দুইজনই আছে শতকের অনেক কাছে।
এদিকে দিনের শুরুতেই বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে দেরি হয় ৩০ মিনিট। সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে প্রথম সেশনের খেলা। এই সময়ে কোনো উইকেট হারায়নি টাইগাররা। মুশফিক এরই মাঝে পূর্ণ করে ফেলেছে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক। তিনি অপরাজিত আছেন ৮৫ রানে। আর অপরপ্রান্তে লিটন অপরাজিত আছেন ৮৮ রানে। দুইজন গড়েছেন ১৬৫ রানের জুটি।
প্রথম সেশনে বেশ স্বস্তিতে ব্যাট করে যান দুই ব্যাটসম্যান। পিচে বল সুইং খেলেও তেমন ঝামেলা হচ্ছিল না মুশফিক ও লিটনের জন্য। মাঝে একবার এলবিডব্লিউর জন্য আবেদন করে লঙ্কান স্পিনার লাসিথ এমবুলডেনিয়া। তবে রিভিউ নিয়েও মুশফিককে ফেরাতে পারেনি।
এদিকে প্রথম সেশনে উইকেট না হারালেই টাইগারদের কাজ সহজ হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। এই অজি কোচ মনে করেন, দলের অন্যতম সেরা ব্যাটসম্যানরা এখনো আছে বলেই টাইগারদের কাছে বেশি প্রত্যাশা থাকবে। মুশফিক ও লিটনের মাঝে কেউ আউট হলেও এখনো ব্যাটিংয়ের সুযোগ আছে তামিমের। আর সাকিব আল হাসান এখনো ব্যাটিংয়ে নামেননি। এছাড়া নাঈম হাসানও আছেন আট নম্বরে।
এদিকে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করলেন ডিপেন্ডেবল মিস্টার মুশফিকুর রহিম। এই কাজটা প্রথমে করার সুযোগ পেয়েছিলেন তামিম। তবে নিজের ইনিংসটি অসম্পূর্ণ রেখেই ফিরতে হয়েছিল তাকে। ১৩৩ রানের মাথায় হাতের পেশির চোটে তিনি অবসরে গিয়েছিলেন। আর সেই সুযোগটাই লুফে নিয়েছেন মুশফিক।
টেস্টে বাংলাদেশের হয়ে এক, দুই ও তিন হাজার রানে প্রথম প্রবেশ করেছিলেন হাবিবুল বাশার। তবে চার হাজারি ক্লাবে প্রথম পা দিয়েছেন তামিম। এবার তামিমকে পিছু ফেলে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখালেন মুশফিক।
