লিভারপুলের সঙ্গে ইয়ুর্গেন ক্লপের যাত্রাটা অনেক দিনের। খুব যত্ন নিয়ে নিজ হাতেগড়া দলটি এখন প্রিমিয়ার লিগের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে। তাইতো জার্মান এই কোচকে হারাতে চায় না লিভারপুল। কয়েকদিন আগে চুক্তি শেষে ছুটিতে যাবেন বলে জানিয়েছেন ক্লপ নিজেই। তবে এখন আর তা হচ্ছে না। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ পর্যন্ত থাকছেন ক্লপ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অল রেডসরা।
২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। এরপর দলকে জিতিয়েছেন অধরা লিগ শিরোপা। এ ছাড়া অল রেডসরা ইউরোপ সেরার মুকুটও জিতেছে তার অধীনেই। চলতি আসরে চারটি শিরোপা ঘরে তোলার দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে খেলে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে।
ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনালে খেলছে লিভারপুল। প্রথম লেগে বুধবার ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়েছে ক্লপের দল। ইতিমধ্যে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে তারা। এর আগে মৌসুম ক্লপের হাত ধরেই প্রথম শিরোপা লিগ কাপ জিতেছিল লিভারপুল।
