পাকিস্তানের স্কোর যখন ২ উইকেটে ১৮৩ রান, কে ভেবেছিল এ ম্যাচে জিতবে বাংলাদেশ! কিন্তু হ্যামিল্টনের সিডন পার্কে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এক গল্প লিখলেন নিগার সুলতানারা। রুমানা-ফাহিমাদের অসাধারণ এক স্পেলে মোড় ঘুরে যায় ম্যাচের। ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি গেল বৃথা। আর পাকিস্তান নারী দলকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় দেখলো টাইগ্রেসরা। বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ৯ উইকেটে ২২৫ রানে থামে পাকিস্তান। ১৯৯৯ বিশ্বকাপে ক্রিকেটের পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সুজন-নান্নুদের নবীন বাংলাদেশ। হ্যামিল্টনে নর্দাম্পটনের স্মৃতি ফিরিয়ে আনলেন জ্যোতিরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকে হাফসেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেটে ২৩৪ রান। বিশ্বকাপ তো বটেই ওয়ানডেতেই এটি টাইগ্রেসদের দলীয় সর্বোচ্চ। ওপেনার শামিমা সুলতানা ১৭ এবং শারমিন আখতার ৫৫ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।
