পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি শিয়া মসজিদের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলায় এ পর্যন্ত ৫৭ জন নিহতের খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, পেশোয়ারের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসুল্লিরা জড়ো হলে বিস্ফোরণটি ঘটে। এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার পেশোয়ারের মসজিদের কাছে পুলিস অফিসারদের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় একজন মসজিদে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। এতে এখন পর্যন্ত ৫৭ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাক-এ জানিয়েছে, গতকাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে সফলভাবে হামলা চালিয়েছেন একজন আইএস যোদ্ধা।
জাহিদ খান নামের একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, মসজিদে ঢোকার আগে আমি একজনকে দুই পুলিশ সদস্যকে গুলি করতে দেখি। ওই ব্যক্তি মসজিদে ঢোকার কয়েক সেকেন্ড পরই একটি বড় বিস্ফোরণের শব্দ শুনি। হামলার পর মসজিদটির ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহ। সর্বত্র ছিল ধুলোবালি।
