স্বল্প দূরত্বের বাইরে পুরুষ ঘনিষ্ঠজনকে ছাড়া কোনো নারী যেতে পারবেন না। রোববার আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। এ সময়ে তাদের সঙ্গে কোনো পুরুষ সঙ্গী না থাকলে তাকে পরিবহনে তোলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মিনিস্ট্রি ফর দ্য প্রোমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস ইস্যুকৃত নির্দেশনায় সব পরিবহন মালিককে নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, যেসব নারী ইসলাম ভিত্তিক হিজাব পরেন, শুধু তাদেরকে রাইড দেয়া যাবে। এতে বলা হয়, নারীরা যদি ৪৫ মাইলের বেশি দূরত্ব সফর করেন এবং তাদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সদস্য না থাকেন তাহলে তাদেরকে রাইড দেয়া ঠিক হবে না।

রোববার বার্তা সংস্থা এএফপি’কে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আকিফ মুহাজির। এক্ষেত্রে তিনি পরিবারের ঘনিষ্ঠ সদস্য বলতে ঘনিষ্ঠ পুরুষ সদস্য হতেই হবে বলে নির্দিষ্ট করা হয়েছে বলে জানান। সরকারের এই নির্দেশনা প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর কয়েক সপ্তাহ আগে নাটক এবং সোপ-অপেরা- যেখানে নারীদের প্রদর্শন করা হয়, তা বন্ধ করার জন্য টেলিভিশন চ্যানেল গুলোকে নির্দেশনা দিয়েছে এই মন্ত্রণালয়। পাশাপাশি টেলিভিশনে উপস্থাপনা কালে নারী সাংবাদিকদের অবশ্যই হিজাব পরতে বলা হয়েছে।

সাদিক আকিফ মুহাজির রোববার বলেছেন, পরিবহনে আরোহন করতে হলে নারীদের হিজাব পরতে হবে। যানবাহনের ভিতরে গান বাজানোও বন্ধ করতে জনগণকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। তবে তালেবানরা যাকে হিজাব বলছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া হয়নি। কারণ, চুল ঢেকে রাখা থেকে পুরো মুখ অথবা পুরো দেহকে ঢেকে রাখা হয় হিজাব দিয়ে। ফলে হিজাবের ভিন্নতা আছে। এক্ষেত্রে তালেবানরা কোন রকম হিজাবের কথা বুঝিয়েছে তা পরিষ্কার নয়। এমনিতেই আফগানিস্তানের বেশির ভাগ নারী হেডস্কার্ফ পরেন।

গত ১৫ই আগস্ট ক্ষমতা দখল করে তালেবানরা। তারপর থেকে নারী ও মেয়ে সন্তানদের জন্য বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করেছেন তারা। ১৯৯০ এর দশকে প্রথম দফায় ক্ষমতাকালীন তারা যে কঠোরতা আরোপ করেছিল, এবার তার থেকে নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বিভিন্ন প্রদেশে স্থানীয় তালেবান কর্তৃপক্ষ স্কুলগুলো খুলে দিয়েছে। কিন্তু মাধ্যমিক শিক্ষা থেকে এখনও বহু মেয়ে বঞ্চিত।

তালেবানরা আন্তর্জাতিক স্বীকৃতি এবং সহায়তা পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। কিন্তু নারী অধিকার নিয়ে বিশেষত তারা পিছিয়ে আছে। এক্ষেত্রে অধিকার কর্মীরা মনে করেন, নারীদের প্রতি সহনশীল হলে তালেবানদের সেই স্বীকৃতি পাওয়া সহজ হবে। এ বিষয়টি বার বার উল্লেখ করেছে নারী অধিকার বিষয়ক গ্রুপগুলো। এর আগের দফায় তালেবানরা যখন ক্ষমতায় ছিল, তখন নারী অধিকারটি ভয়াবহভাবে খর্ব করা হয়েছিল। ওই সময়ে তাদেরকে বাধ্যতামূলক ভাবে সারা শরীর ঢাকা বোরকা পরে থাকতে হতো। কর্মক্ষেত্র এবং শিক্ষায় নিষিদ্ধ ছিল তারা।

সূত্র: এএফপি