দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কুণ্ডলী দুই কিলোমিটার উপর পর্যন্ত উঠে গেছে। অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি মাসের শুরুর দিকে সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়েছে। ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।

ইন্দোনেশিয়া সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানায়, রবিবার ভোরে অগ্নুৎপাতের ফলে ঘন সাদা ও ধূসর ছাই মেঘের সৃষ্টি হয়।

সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলছে, অগ্ন্যুৎপাতের সক্রিয় এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো কিছুর সংস্পর্শে না আসতে। লাভার প্রবাহের কারণে নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ মিটার (১৫০০ ফুট) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

এ দিকে অগ্ন্যুৎপাত কেন্দ্রের ১৩ কিমি (৮ মাইল) দক্ষিণ-পূর্বের মধ্যে কোনো কার্যক্রম না করার জন্যও বাসিন্দাদের বারণ করেছে পিভিএমবিজি।

আরও পড়ুন : ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত বেড়ে ৭৫

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। দেশটিতে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আর ‘রিং অব ফায়ার’ অঞ্চলে পৃথিবীর অর্ধেকেরও বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান।