স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বিজয় র্যালি বের করবে বিএনপি। এদিন দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হবে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রোববার দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হবে। বিজয় র্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি।
এবার বিজয় দিবসের সূবর্ণজয়ন্তী হলেও দেশে বর্তমানে গণতন্ত্র হত্যাকারীরা ক্ষমতায় উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতাসহ মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। দেশে গণতন্ত্রের বিকাশের স্থানে নাৎসীবাদের বিকাশ লাভ করেছে।
তিনি অভিযোগ করেন, ডিবি পুলিশ পরিচয়ে শুক্রবার সাদা পোশাকধারীরা ঢাকা মহানগর উত্তর আদাবর থানাধীন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে গিয়ে এখনও পর্যন্ত তার কোনো হদিস না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জীবনকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেয়ার ঘটনায় বর্তমান নিশি রাতের সরকারের চলমান গুমের আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপিত হলো।
রিজভী বলেন, জীবনকে ডিবি পুলিশই আটক করে নিয়ে গিয়ে এখন কোন হদিস দিচ্ছে না। তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারসহ বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে জীবনকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।
