মহান বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে এ বিবৃতি দেয়া হয়।
১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক মহিমামন্ডিত ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন, এই দিনটির জন্যই সারাবিশ্বে বাংলাদেশী জাতি ও বাংলাদেশের মর্যাদা আজ সুপ্রতিষ্ঠিত। দীর্ঘ পরাধীনতার শৃংঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিনে আমরা প্রিয় মাতৃভূমিকে দখলদারমুক্ত করতে সক্ষম হই। এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সে লক্ষ্য পূরণে আমরা আজও কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের চুড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করে রাখার পর কার্যত এখনও তাকে বন্দী অবস্থায রাখা হয়েছে। দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে বেগম জিয়া এখন ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকার নানা টালবাহানায় খালেদা জিয়ার সুচিকিৎসাকে বাধাগ্রস্ত করছে এবং তাকে বিদেশে পাঠানোর কোন উদ্যোগ গ্রহণ করছে না। তাকে নিঃশেষ করতে অন্তহীন চক্রান্তজাল বুনে চলছে।
‘খালেদা জিয়াকে মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।’
বিএনপি মহাসচিব মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বিজয়ের এ দিনে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ফখরুল।
