করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এর মধ্যেই ওমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যুও হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।এবার ওমিক্রন নিয়ে ঝুঁকির কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, করোনার নতুন ধরন ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। ইতিমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে ওমিক্রন ছড়িয়েছে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
ডব্লিউএইচও জানায়, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে ওমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য এখনো সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।
ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরো তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরো তথ্য-প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। সূত্র: রয়টার্স
