আবারও মাইলস ব্যান্ড ছাড়ার ঘোষণা দিলেন শাফিন আহমেদ। একইসঙ্গে মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি। শনিবার(২৭/১১/২০২১) রাতে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিও এর মাধ্যমে মাইলস ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন তিনি।

প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ। জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।

ভিডিও বার্তায় শাফিন আহমেদ বলেন, মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।

শাফিন আহমেদ চান, মাইলস নামে যেন অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। তিনি বলেছেন, সংগীত জগতে তার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। তাকে স্টেজে এবং রেকর্ডিংয়েও পাওয়া যাবে।

এর আগে ২০১৭ সালে অক্টোবরেও তিনি একবার ব্যান্ডটি ছাড়ার কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন। ২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর কয়েকমাস পর ফের ব্যান্ডে ফেরেন। এরপরও গুঞ্জন উঠে ব‌্যা‌ন্ডে তার থাকা, না থাকা নি‌য়ে।