গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার রেশ কাটতে না কাটতেই রাজশাহীর কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীর এক মিনিট ৫১ সেকেন্ডের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল স্থাপন ইসলামের চোখে মহাপাপ সে কারণে রাজশাহী সিটি গেটে জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর মুর‌্যাল বসাতে না দেয়ার নির্দেশ দিয়েছেন এই মেয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিওতে শোনা যাচ্ছে, মেয়র আব্বাস একজনকে বলছেন, ‘‘সিটি গেট আমার অংশকে বিদেশী স্টাইলে সাজিয়ে দিবে। কিন্তু একটু থেমকে গেছি গেটটা নিয়ে। একটু চেঞ্জ করতে হচ্ছে যে মুর‌্যালটা দিয়েছে বঙ্গবন্ধুর সেটা ইসলামি শরীয়ত মতে সঠিক নয়।

আমাকে যেভাবে বুঝাইছে আমি দেখতে পাচ্ছি যে মুর‌্যালটা বসানো ঠিক হবে না। আমার পাপ হবে। আমিতো আর কানা না। আমার মনে হয়েছে মুর‌্যালটা বসানো হলে আমার ভুল হবে। এ খবরটা যদি যায় ফ্যাঁস আমার রাজনীতির বারোটা বাজবে। বঙ্গবন্ধুকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবো নাকি। এ জন্য আমার কিছুই করার নাই। মানুষেক সন্তস্ট করতে গিয়ে আল্লাহকে অসস্তস্ট করা যাবে না।

এবিষয়ে কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী পুরো ঘটনা অস্বীকার করে বলেন, অডিওটি তার নয় বলে দাবি করেন । তিনি বলেন, ‘‘মুর‌্যাল করা যাবে না, মুর‌্যাল করলে পাপ হবে, এ ধরণের কথা আমার সঙ্গে করাও হয়নি।’’

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করলে তার আওয়ামী লীগ করার অধিকার নেই। কাটাখালির মেয়র বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোন কটুক্তি করে থাকে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।