ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। শুক্রবার (১৯ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় ওই জেলায় মারা গেছেন অন্তত ৮ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। এর আগে তামিলনাড়ুর ভেলোরে ভারী বৃষ্টিতে একটি ভবনধসে চার শিশুসহ নিহত হন অন্তত ৯ জন। বন্যাকবলিতদের সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে নাকাল ভারতের দক্ষিণাঞ্চল। বিশেষ করে তামিলনাড়ুর অবস্থা বেশি খারাপ। একটানা বৃষ্টির জেরে এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
চেন্নাই, থেনি ও মাদুরাই জেলাতে ঘটছে প্রাণহানির ঘটনা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
তামিলনাড়ুর সমস্ত উপকূলবর্তী এলাকাগুলোতে উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর একাধিক দল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু এলাকায় বন্ধ রাখা রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
শুক্রবার তামুলনাড়ুর ভেলোরে একটি ভবন ধসে পড়ে। এতে চার শিশুসহ মারা গেছেন বেশ কয়েকজন। ওই ঘটনায় হতহাতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছেন তামিলনাড়ুর রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
এদিকে প্রতিবেশী আরেক রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বন্যায় মারা গেছেন অন্তত ৮ জন। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ শুরু করেছেন ভারতের বিমানবাহিনীসহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। এদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বহু এলাকা। বৃষ্টির কারণে বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। এছাড়া বন্ধ করে দেয়া ট্রেন চলাচল। বন্যা পরিস্থিতির খবর জানতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মহন রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
