ঘুমের অতিরিক্ত বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা আখতার পলি (৪০)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক।

এমপি আয়েন উদ্দিন রাজশাহী মহানগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেই বাড়ি থেকেই সাংসদপত্নী এলিনাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়। কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছেন তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, এলিনাকে রাত ১১টা ৫৫ মিনিটে জরুরি বিভাগ প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরীক অবস্থা ভালো না থাকায় কিছুক্ষণ পরই তাঁকে আইসিইউতে পাঠানো হয়।

রামেকের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আইসিইউতে যখন আছেন তখন শারীরীক অবস্থা ভাল বলতে পারি না। রাতে তাঁর শারীরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

এলিনার ভাই আবুল কালাম আজাদ সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কথা বলতে চাননি। এমপি আয়েন উদ্দিন ফোন না ধরার কারণে তাঁর কাছ থেকেও কিছু জানা যায়নি।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।