জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, স্বাধীনতার পর প্রথমেই বঙ্গবন্ধু কৃষকদের ২৫ বিঘা জমির খাজনা মাফ করে দিয়েছিলেন।

তিনি কৃষকদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সময়ই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁকে সপরিবারে হত্যা করে কৃষকসহ দেশের উন্নয়নকে তালাবদ্ধ করা হয়েছিল। এরপর যত সরকারই এসেছে তারা কৃষকদের কল্যাণে কোন কাজ করেননি।

বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে কৃষকদের কল্যাণে বহু প্রকল্প হাতে নিয়ে কৃষি অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ণ করে দেশকে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আজ বাংলাদেশ খাদ্যসামগ্রী রপ্তানী করছে। বিশ্বের তাবদ নেতারা এক সময় বাংলাদেশকে তলা বিহীন ঝুঁড়ি বলতো।

আজ তারাই বাংলাদেশের উন্নয়নে হতচকিত হয়ে পড়ছে। এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণেই হয়েছে। আজ বুধবার বাউফলে কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সারে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন প্রজাতির রবি শষ্যের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান হিমু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল আলম মিয়া এবং বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ কৃষক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বিআরডিবি কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।