মৌলভীবাজারের কমলগঞ্জের হরিস্মরণে অচেনা প্রাণীর হামলায় দুই দিনে শিশু সহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত দুই শিশুকে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রাম জুড়ে অচেনা প্রাণীর আক্রমণ আতঙ্ক বিরাজ করছে।

গ্রামের দীপক মল্লিক জানান, গত বুধবার দুপুরে অচেনা প্রাণীর আক্রমণে শিকার হয় তার দুই বছরের শিশু পুত্র দুর্জয় মল্লিক। প্রাণীটির আক্রমণে তার শিশু পুত্রের মুখন্ডল ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। অচেনা প্রাণীর আক্রমণের সময় দুর্জয়ের পাশে ছিল তার বড় ভাই দিব্য মল্লিক (৫)। প্রাণীটির আক্রমণে সেও রক্তাক্ত হয়।

এসময় তাদের চিৎকারে শিশুটির মাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু দুটির জখম গুরুত্বর হওয়ায় পরে তাদেরকে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রাণীর আক্রমণের শিকার হন হরিস্মরণ গ্রামের বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায় (৩০), তার শিশু পুত্র বিপ্লব রায় (১০) ও মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তারা বাড়িতে আছেন।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটি দেখতে অনেকটা কুকুরের মত হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কাউকে পেলেই তার উপর আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছেন। রাতে হাটবাজার থেকে ফেরার পথে লাঠি হাতে নিয়ে দলবেঁধে বাড়ি ফিরছেন।

অদ্ভুত আকৃতির এই প্রাণীর হাত থেকে বাঁচতে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছেন। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। কাউকে একা পেলেই আক্রমণ করবে। অচেনা অদ্ভুত এ প্রাণীর হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়, এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে। আক্রান্তদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন তিনি।