সিলেটের কানাইঘাটে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ এখনো নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠকে বসেনি।
তবে লাশ দুটির বিষয়ে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ৪টার দিকে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এদিকে তিনদিনেও নিহতদের মরদেহ না পেয়ে দুই পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, দুই বাংলাদেশির মরদেহ এখনো সীমান্ত রেখায় নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠক হয়নি, তাই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা। এসময় লাশ দুটি ফেরত পাওয়ার কথা রয়েছে।
জানা যায়, বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। নিহতরা হলেন- কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফিরেনি।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন।
