প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ভুয়া লোক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাত শেষে এ মন্তব্য করেন তিনি।

এদিন জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে দোয়ার আয়োজন করা হয়।

এ সময় সব রাজনৈতিক দলের আস্থার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বুধবারের বক্তব্যের জবাবে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ওতো (প্রধান নির্বাচন কমিশনার) একটা ভুয়া লোক। ওর কথার আমরা কোনো মূল্য দেই না।

বড় বিষয় হলো এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠিত হতে পারে না, হবেও না। সুতরাং এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস বলেন, নির্বাচন কমিশন বর্তমানে কোনো ইস্যু না। ইস্যু হলো এ সরকারের অধীনে (কথা খুব পরিষ্কার) নির্বাচন হতে পারে না। ইতোপূর্বে কয়েকটা নির্বাচন দেখলাম তো।

আপনারা দেখেছেন, যে সরকার নির্বাচনের আগের দিন ভোট চুরি করে ক্ষমতায় বসে, বাক্স ভর্তি করে ফেলে, ওই সরকারের অধীনে কীভাবে নির্বাচনে যাই? আর যে সরকার আমার নেত্রীসহ বহু নেতাকর্মীর বিরুদ্ধে অযথাই মামলা দিয়ে রেখেছে, গুম খুন করেছে?

সম্প্রতি মুফতী কাজী ইব্রাহীমকে গ্রেফতারের বিষয়ে মির্জা আব্বাস বলেন, এ দেশের জ্ঞানী-গুণী, ওলামা-আলেম, এদেরকে গ্রেফতার করে এ সরকার কাকে খুশি করতে চাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না।

এমন কাউকে তারা খুশি করতে চায়, যারা নাকি আমাদের এখানে সেখানে নিপীড়ন করতে পারলে ভালোবাসে। নইলে গত ছয় মাসের মধ্যে কতগুলো আলেমকে হঠাৎ করে গায়েব করে দেওয়া হলো কী কারণে?

নিরপেক্ষ নির্বাচনের দাবি বিএনপি কীভাবে আদায় করবে এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, বিএনপি ইতোপূর্বে বহুবার দাবি আদায় করেছে, এবারও করবে। সময়ের ব্যাপার। এটা সময়ের ব্যাপার।

আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ‘তত্ত্বাবধায়ক সরকারে ফেরার সুযোগ নেই’ এমন প্রশ্নে বিএনপি নেতা আব্বাস বলেন, আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছে এ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কি বিএনপি করেছিল? বিএনপির তো না! এ তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল জামায়াতে ইসলাম। অতঃপর আওয়ামী লীগ এটাকে টেক ওভার করে।

তারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আনতে বলে, তারপর আমরা এটা নিয়ে আসছি। গণতন্ত্রকে শ্রদ্ধা করি বলেই আমরা সেটাকে সংযোজন করেছিলাম। এখন ওরা বলছেন প্রয়োজনে সুযোগ নেই। তো… আওয়ামী লীগ পদত্যাগ করুক। আওয়ামী লীগ এখন পদত্যাগ করুক। তারপর যেভাবে দেশ চলে সেভাবে চলবে। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।

বিএনপির নেতা কে? কার নেতৃত্বে বিএনপি আন্দোলন করবে? আওয়ামী লীগের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, আমাদের দল সম্বন্ধে আওয়ামী লীগের না ভাবলেও চলবে। তাদের নিজের চরকায় তেল দিতে বলেন। ওদের সরকারে টিকে থাকার সুযোগ আর নাই। দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে, আওয়ামী লীগ নাই! বিএনপি আসছে।

দোয়া মোনাজাতে ওলামা দলের সভাপতি নেসারুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারসহ ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।