আফগানিস্তানের লাগোয়া পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত এলাকায় একটি সেনা চৌকিতে আত্মাঘাতী হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

শিয়া অধ্যুষিত এলাকাটির একটি বাজারের কাছে রোববার সকালে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর দ্যা ডন ও এনডিটিভির।

কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরাম জানান, রোববার সকালে বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুজন পথচারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। এ হামলার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।