দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার সারা দেশের পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়। দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর আজ ১৯ আগষ্ট থেকে থেকে স্বাস্থ্য বিধি মেনে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার। এ কারণেই আজ থেকে উত্তরবঙ্গের বৃহত্তম বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী খোলা হয়েছে।
বিনোদন কেন্দ্রটির কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকায় প্রায় ৭ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। গত কয়েকদিন ধরে শ্রমিকরা কঠোর পরিশ্রম করে দর্শকদের জন্য সাজিয়ে তুলেছেন কেন্দ্রটি। স্বপ্নপুরীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপ্নপুরী অফিস সূত্র মতে, ১৯৮৯ সালে হিলি থেকে ৩০ কিলোমিটার উত্তরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর মৌজায় স্বপ্নপুরীর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ১৫০ একর (৪৫০ বিঘা) জমি নিয়ে বিশাল পর্যটন শিল্পটিতে কার্যক্রম চলছে। এর ভেতরে প্রায় ৮০০-এর মতো দোকানসহ বিভিন্ন পেশার প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মালি, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন প্রায় ৫ শতাধিক।

প্রতিষ্ঠানটির ম্যনেজার মুক্তার হোসেন বলেন, স্বপ্নপুরী মূল সময় হলো ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। আবার দুই ঈদেও অনেক লোকের সমাগম হয়। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের কারণে প্রতিষ্ঠানটি ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। এতে প্রায় ৭ কোটি টাকা লোকশান হয়েছে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গাড়ি বিনোদন প্রেমী মানুষ স্বপ্নপুরীতে প্রবেশ করে পিকনিক ও মনের খোরাক আনন্দ উপভোগ করার জন্য। সেই সময় এই এলাকার প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।
স্বপ্নপুরীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ দেলওয়ার হোসেন বলেন, এটাকে বিনোদন কেন্দ্র না বলে মানুষের কর্মক্ষেত্র বললে ভালো হয়। এটার উপর নির্ভর করে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। স্বপ্নপুরীর উপর নির্ভর করে এর আশে পাশের সরাসরি প্রায় ৪০০ মানুষের পরিবার চলে। এ ছাড়াও প্রায় ৫০০ মানুষ বিভিন্ন ভাবে এর সুফল ভোগ করে থাকেন। স্বপ্নপুরীর ভিতরে রয়েছে হরেক রকমের দোকান।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকায় এসব পরিবারগুলো চলতে অনেক কষ্টে পড়ে গেছে। সরকার ১৯ তারিখ থেকে পর্যন্টন কেন্দ্রগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছে। তারই ধারবাহিকতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করে আজ খুলে দিয়েছি। আর যারা এখানে আসবে তাদেরকে আমি বলতে চাই করোনার ভাইরাস কিন্তু দেশে থেকে চলে যায়নি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়ে আসবেন।
