মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে গ্রামবাসী। শুক্রবার রাত ৮ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানালে তারা অজগরকে উদ্ধার করে রাতেই লাউয়াছড়ায় রেসকিউ সেন্টারে নিয়ে আসেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকার নির্মল কুমার সিংহ সন্ধ্যায় সাড়ে ৭টায় তার জমির ধান গেলে বিশাল আয়তনের একটি অজগর দেখতে পান। পরে গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে অজগরটিকে আটক করে একটি বস্তার ভেতরে বন্দি করে রাখেন।
এরপর স্থানীয়রা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানালে রাতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম টিলাবাজারের বটতলা এলাকায় গিয়ে গ্রামেবাসীর হাতে বস্তাবন্দি অবস্থায় আটক অজগরটি উদ্ধার করে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল বলেন, প্রায় ৬ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করা নিয়ে আশা হয়েছে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে। পরে রাত ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে একে অবমুক্ত করা হয়।
