কঠোর লকডাউনের সিলেট নগরীতে ৫৪টি যানবাহনে মামলা ও ১৩৪টি যানবাহন আটক করেছে পুলিশ। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
এছাড়া সিলেটে যান ও মানুষজন বৃদ্ধি পেয়েছে।
পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ সারাদেশের ন্যায় সিলেটেও পালন করা হচ্ছে। তারপরও যারা কঠোর বিধিনিষেধ অমান্য করছেন তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
এর অংশ হিসেবে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে দায়িত্ব পালন করছে।
এসএমপির বিভিন্ন স্থানে দিবারাত্র ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৯৭টি টহল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ১২তম দিনে মঙ্গলবার লকডাউন বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ৩৪টি, মোটরসাইকেল ১২টি, প্রাইভেটকার ৫টি ও অন্যান্য ৩টিসহ সর্বমোট ৫৪টি মামলা এবং সিএনজি ৬৭টি, মোটরসাইকেল ১২টি, প্রাইভেটকার ২ অন্যান্য ৫৩টিসহ মোট ১৩৪টি যানবাহন আটক করা হয়।
একই দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
